জামালপুর শহরের বেলটিয়া এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর একজন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালের পাড়া গ্রামের শফিকুলের ছেলে বাবু ওরফে দিপু (২৫) এবং জালাল উদ্দিনের ছেলে রাসেল হোসেন (২৪)। আহত হয়েছেন একই এলাকার শ্যামল মিয়া (২৫)। তিনজনই ঘনিষ্ঠ বন্ধু বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার খেয়ে তিন বন্ধু মোটরসাইকেলযোগে কেন্দুয়া থেকে শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বেলটিয়া এলাকায় পৌঁছালে মরিচবোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনজনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিপু ও রাসেলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন আহত শ্যামল।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এম নুর মোহাম্মদ।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন বলেন, তিনজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণে দেখি দু’জন আগেই মারা গিয়েছিলেন। অন্যজনের অবস্থা তুলনামূলক স্থিতিশীল ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হয়েছে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করেছি। তবে ঘটনার সঙ্গে জড়িত চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।





