নারায়ণগঞ্জে নূরজাহান (৪৮) নামের এক নারীকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নূরজাহানের স্বামী রমজান মোল্লা পেশায় ভাড়ায়চালিত গাড়ির চালক। স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন না নূরজাহানের স্বামী, ছেলে ও পুত্রবধূ। প্রতিবেশীরা পোড়া গন্ধ পান। তাঁরা এসে দেখেন রান্নাঘরের চুলায় চড়ানো খাবার পুড়ে গেছে।
এ সময় প্রতিবেশীরা নূরজাহানের হাত-পায়ের রগকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর কপালে আঘাতের চিহ্নও দেখতে পান তাঁরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত দেখে এটিকে হত্যাকাণ্ড হিসেবেই ধারণা করছেন। এতে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ মাঠে নেমেছে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা জানাজা শেষে মামলা করবেন।





