বৃষ্টির পানিতে সড়কের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক।বড় যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে প্রায় ১০০ মিটার সড়ক সংস্কার করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার খান। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
উপজেলার ১ নম্বর খোকসা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোড়াগাছা খালের পাশের এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ। স্থানীয়দের যাতায়াতের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে বড় যানবাহনও চলাচল করে এই পথ দিয়ে। কিন্তু সড়কের নিচের মাটি সরে যাওয়ায় যানবাহন চলাচলে চালকদের পড়তে হত বাড়তি ঝুঁকিতে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে উদ্বেগ আর দুর্ভোগের মধ্যে ছিলেন এলাকাবাসী।
স্থানীয়দের এই দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার খান। তাঁর উদ্যোগে প্রায় ১০০ মিটার সড়ক সংস্কার করা হয়। এতে সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি চলাচলের উপযোগী হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ তৈরি হয়েছে ছোট-বড় যানবাহনের।
এসময় আনোয়ার খান জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খোকসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম তাঁকে সড়কটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানান। পরে তিনি সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন এবং পরদিনই সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত সোনার কুমারখালী-খোকসা গড়ে তুলতে চাই।
এলাকাবাসীর প্রত্যাশা, শুধু সাময়িক সংস্কার নয়, সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণও করা হোক। একই সঙ্গে এলাকার অন্যান্য জনদুর্ভোগ নিরসনেও এগিয়ে আসবেন সংশ্লিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।





