Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশকে কোপালো আ.লীগ নেতার ছেলে

admin • 26 Jul 2025, 10:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ডিবি পুলিশকে কোপালো আ.লীগ নেতার ছেলে

কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে আওয়ামী লীগ নেতার ছেলের বটির আঘাতে ডিবি পুলিশের সদস্য আহত হয়েছেন। পৌর এলাকা ছয় রাস্তার মোড়ে আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গেলে ইসরাফিল হোসেন (৪৮) নামে পুলিশের ওই উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করা হয়।

 

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ সময় হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে শহরের পৌর সভার ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)।

 

হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। আহত এসআইকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেফতার করতে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে ঢুকতেই হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একইসঙ্গে ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে যায়।

 

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যর পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়ির ভেতরে কী হয়েছে, তা তারা জানেন না। পুলিশ বাড়িতে অভিযান চালায় এটুকু জেনেছি। পরে আরও অতিরিক্ত পুলিশ এসেছিল।

 

ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।