২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লগি-বৈঠার সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাউফল উপজেলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক মাস্টার রেদোয়ান উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুর আলম, ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলার সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নূর, সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, নাজিরপুরের জামায়াত নেতা মো. রাসেল ও শ্রমিক নেতা জাফর ইকবালসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে লগি-বৈঠার সহিংসতায় বহু মানুষ হতাহত হন। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁরা রাজনৈতিক সহিংসতা বন্ধ, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার দাবি করেন।





