বাংলাদেশি পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেনের ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগতা শুরু হয়েছে ।
গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি এবং মাদক ও স্মার্টফোন অপব্যবহার মুক্ত সমাজ গঠনের লক্ষে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করে কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশন ।
এতে ভারতের চারজন, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৫৪ জন নানাবয়সি দাবাড়ু অংশ গ্রহণ করেছেন ।
শুক্রবার ( ১ আগষ্ট ) কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম প্রমুখ ।
উল্লেখ্য, কাজী মোতাহার হোসেন বাংলাদেশি পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু ছিলেন। তিনি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু হিসেবে ১৯২৯ থেকে ১৯৬০ পর্যন্ত অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানের একক চ্যাম্পিয়ন ছিলেন।





