Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কবর থেকে ১০ কঙ্কাল চুরি

admin • 21 Mar 2023, 11:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কবর থেকে ১০ কঙ্কাল চুরি

ময়মনসিংহ সদর উপজেলার একটি কবরস্থানে বাবার কবর জিয়ারত করতে এসে কবর খোঁড়া পেলেন এক যুবক। সোমবার (২০ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম কবরস্থানে এই ঘটনা ঘটে।

 

চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম কবরস্থান মাদরাসা ও জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গতকাল রাতের কোনো একসময় কবরস্থানের ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। সকালে আমরা কেউ বিষয়টি দেখতে পাইনি।

 

বিকেল সাড়ে ৩টার দিকে একজন তার বাবার কবর জিয়ারত করতে এলে কবর খোঁড়া দেখে আমাদের জানান। পরে আমরা কবরস্থানে গিয়ে দেখি ১০টি কবর খোঁড়া এবং সেখানে কোনো কঙ্কাল নেই।

 

তিনি বলেন, কঙ্কাল চুরির বিষয়টি কবরস্থান কমিটিকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় আব্দুর রশিদ বলেন, কবর খুঁড়ে যে বা যারাই কঙ্কাল চুরি করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার দাবি করছি। পরবর্তীতে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

 

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ বলেন, আমি অন্য একটা কাজে এই এলাকায় এসেছিলাম। পরে স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।