জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর এক রায়ে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পরবর্তী সময়ে গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার দুটি পৃথক পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এ মামলার পেছনে রয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা কর পরিশোধের বিষয়ে দেওয়া আগের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
পরে মামলাটি শুনানির জন্য নতুন একটি হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়। সেখানে শুনানি শেষে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে রায় দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, কর পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এ দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে তখন আদালত রুল জারি করেন।
সেই আইনি বিরোধের ধারাবাহিকতায় হাইকোর্টের সর্বশেষ রায়ের বিরুদ্ধে এবার আপিল করেছে গ্রামীণ কল্যাণ।




