ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার করে তৈরি করা ভুয়া অ্যাকাউন্ট, ছবি এবং সাইবার জালিয়াতি প্রতিরোধে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মেটা। এখন থেকে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা কোনো প্রকার খরচ বা মাসিক সাবস্ক্রিপশন ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের অ্যাকাউন্টের জন্য ভেরিফায়েড ব্যাজ সুবিধা পাবেন।
ব্যক্তি এবং এআই তৈরি ভুয়া প্রোফাইলের মধ্যকার পার্থক্য সহজে ফুটিয়ে তুলতেই ফেসবুক এ উদ্যোগ নিয়েছে। তবে মেটার প্রচলিত পেইড সাবস্ক্রিপশন ‘মেটা ভেরিফায়েড’-এর মতো টাকা দিয়ে এ ব্যাজ কিনতে হবে না। আবেদন করলে, সত্যতা মিললেই পাওয়া যাবে এ ব্যাজ।
ভেরিফিকেশনের জন্য যেভাবে আবেদন করবেন:
এই ফ্রি ব্যাজটি পাওয়ার জন্য ব্যবহারকারীকে ফেসবুক অ্যাপের মাধ্যমে নিজের একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। মেটার সিস্টেম উক্ত ভিডিওর সাথে প্রোফাইলের মূল ছবি ও তথ্য মিলিয়ে দেখবে। শতভাগ মিল পাওয়া গেলে অ্যাকাউন্টটিকে বাস্তব মানুষের আইডি হিসেবে নিশ্চিত করা হবে।
আবেদনের জন্য যে শর্তগুলো পূরণ করতে হবে:
আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর বা তার বেশি হতে হবে।
ফেসবুকের 'কমিউনিটি স্ট্যান্ডার্ড' বা নীতিমালা মেনে অ্যাকাউন্টটি সচল থাকতে হবে। পূর্বে কোনো ধরনের প্রতারণা, ভুয়া পরিচয় ধারণ কিংবা সন্দেহজনক কাজের রেকর্ড থাকলে এই ব্যাজ দেওয়া হবে না।
সুবিধাটি শুধুমাত্র সাধারণ ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। কোনো প্রাতিষ্ঠানিক ফেসবুক পেজ অথবা প্রফেশনাল মোড চালু থাকা প্রোফাইল এই ফ্রি ভেরিফিকেশনের আওতায় আসবে না।
সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় নিশ্চিত করার মেটার স্বয়ংক্রিয় এআই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সফলভাবে শেষ হলে এই বিশেষ ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল ছাড়াও মেটার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন: মারকেটপ্লেস, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিং-এ প্রদর্শিত হবে।
তবে মেটা জানিয়েছে, এই ফ্রি ব্যাজটি শুধুমাত্র সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারী যে একজন বাস্তব মানুষ, সেটা প্রমাণ করে। এর মানে এই নয় যে, মেটা ওই ব্যক্তির সততা, লেনদেন বা ব্যক্তিগত আচরণের কোনো গ্যারান্টি দিচ্ছে। তাই অনলাইনে যেকোনো ধরনের আর্থিক লেনদেন, তথ্য আদান-প্রদান বা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজেদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে বিশ্বের নির্দিষ্ট কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচারের কার্যক্রম শুরু হয়েছে। মেটা জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা সফল হলে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে থাকা সব সাধারণ ব্যবহারকারীর জন্য বিনামূল্যে এই সুবিধাটি উন্মুক্ত করা হবে।




