রাজধানীর ডেমরায় মেরামতের জন্য গ্যারেজে রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহন বাস ‘নোঙর’-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে পাশে থাকা একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বাসটির ছাদে।
ঘটনাস্থল পরিদর্শন করে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হাসান জানান, গ্যারেজকর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, সকালে বনশ্রী পরিবহনের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। একপর্যায়ে আগুন পাশের নোঙর বাসেও ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আগুন লাগার পর গ্যারেজের কর্মীরা আশপাশের লোকজনের সহায়তায় তা নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে বাসটিকে গ্যারেজ থেকে বাইরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও দরজা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, মেরামতের জন্য বাসটি ডেমরার একটি গ্যারেজে রাখা হয়েছিল। সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বাসটি মেরামতের জন্য গ্যারেজে দেওয়া হয়েছিল। পরদিন সকালে সেখানে আগুন লাগে। মেরামতের কাজ চলায় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলেন না, ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।





