শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী, সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও সভাপতি বিপুল কর্মকার, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে শাড়ি পেয়ে নারীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।





