রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৮ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রোববার (১৮ অক্টোবর) গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক নাজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ, আবাসিক এলাকার পরিচ্ছন্নতা বৃদ্ধি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ, এলোটীদের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করা এবং খেলাধুলার পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ওই স্থানে কোনো ধরনের অস্থায়ী দোকানপাট বসানো, হাট-বাজার পরিচালনা ও বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সমাজকেন্দ্রের অভ্যন্তরে ও উভয় পাশের ফুটপাতে কোনো ধরনের দোকানপাট বসানো যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের চলাফেরা, খেলার মাঠের পরিবেশ, পরিচ্ছন্নতা এবং শিশুদের খেলাধুলার স্বাভাবিক ও সুস্থ আবহ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।





