দলীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল রবিবার (২০ অক্টোবর) তাকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে জেলা যুবদলের আহ্বায়ক মো.শফিকুল ইসলাম খান সজীব এবং সদস্য সচিব মো.সোহেল রানা খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো.গিয়াস উদ্দিনকে দলীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় আপনাকে অব্যহতি প্রদান করা হইল। দলীয় ও
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর গিয়াস উদ্দিন দেওয়ানগঞ্জের ফুটানি এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পৌরসভার আওতাধীন দেওয়ানগঞ্জ হাট-বাজার দখল, সাধারন মানুষকে হুমকি-ধামকিসহ নানা অপকর্ম করেছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক (সদ্য অব্যাহতি প্রাপ্ত) মো.গিয়াস উদ্দিন বলেন, ‘অব্যাহতির বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। তবে এখনও কোনো কাগজ হাতে পায়নি।’
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের আহ্বায়ক মো.শফিকুল ইসলাম খান সজিব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অমান্য করে দলীয় পদ ব্যবহার করে নানা অপকর্মে জাড়ানোর স্পষ্ট প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’





