রাঙামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আলি তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ আলি তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার হাজির আমির হোসেনের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত ইসহাক তালুকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ আলির বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থলী থানার উপপরিদর্শক নুরজামান বলেন, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পুলিশের কাছে ছিল। তিনি রাজস্থলী এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় নজরদারি ও অবস্থান নেয় পুলিশ। পরে সকালে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। সকাল ১০টার দিকে তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





