Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শেখ হাসিনা সেতুতে ট্রাক বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ

admin • 29 May 2023, 09:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শেখ হাসিনা সেতুতে ট্রাক বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুতে ট্রাক চলাচল বন্ধ করায় লালমনিরহাটে মহামহাসড়ক অবরোধ করেছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। মঙ্গলবার (২৯ মে) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন এলাকায় তারা সড়ক অবরোধ করেন।

 

এতে রংপুরসহ ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকেই ভেঙে ভেঙে হালকা যানবাহনে চড়ে বা বিকল্প ব্যবস্থায় নিজেদের গন্তব্যে রওয়ানা দেন।

 

শ্রমিকরা জানান, রংপুর-বুড়িমারী আঞ্চলিক সড়কের গঙ্গাচড়ায় পড়েছে সেতুটি। বুড়িমারী থেকে যানবাহনগুলো লালমনিরহাট জেলা শহর ঘুরে রংপুরের কাউনিয়ার ওপর দিয়ে চলাচল করতো। বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানের দূরত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর শেখ হাসিনা সেতু (দ্বিতীয় তিস্তা সড়ক সেতু) নির্মাণ করা হয়। ২০১২ সালের ১২ এপ্রিল সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্য, ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে রয়েছে ১৬টি পিলার, ১৭টি স্প্যান ও ৮৫টি গার্ডার। একই বরাদ্দে সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ১ হাজার ৩০০ মিটার নদী শাসন করে বাঁধ নির্মাণ করা হয়। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন। পরে এর নামকরণ করা হয় শেখ হাসিনা সেতু। উদ্বোধনের পর সড়কে লোহার ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। স্থানীয়দের আন্দোলনের পর ওই ব্যারিকেড খুলে দেয় কর্তৃপক্ষ।

 

এতে রংপুর থেকে লালমনিরহাট শহর হয়ে বুড়িমারীর দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার কমে যায়। কিন্তু হঠাৎ করে ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য তারা ট্রাকগুলো বন্ধ করে দেন। তাই শ্রমিকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাক রেখে অবরোধ কর্মসূচি পালন করেন।‌ দেড় ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম শ্রমিকদের রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ওই সড়কে ট্রাক চলাচল করবে বলে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।

 

শ্রমিকরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মানার্থে আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। পরে কোনো কেউ ট্রাক বন্ধের চেষ্টা করলে আমরা সারাদেশে ট্রাক চলাচল বন্ধ করে দেব।

 

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক মোন্তাসির রহমান রিপন, মালিক সমিতির অন্যতম সদস্য রাশেদুল হক বিপ্লব, হিরা, আলী হোসেন তালুকদার, রোকন উদ্দিন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।