Monday, 23 November 2026
শিরোনাম
নাশকতা-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় গোপালগঞ্জে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
জাতীয়

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

নীতিমালা প্রণয়নে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

 

টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। একইসঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

 

১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত।

 

বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

রিটের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তারা নানাভাবে প্রভাবিত হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

 

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমাও ছাড়িয়ে যাচ্ছে। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে।

 

গবেষণায় দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এ বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

 

গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যাহত হতে পারে শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।