কুষ্টিয়ার কুমারখালীতে দুটি জলাশয় থেকে আনুমানিক ৪ লাখ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে একই এলাকার শহীদ নামের ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি সদকী ইউনিয়নের করাতকান্দী বিলে ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিপন আলী। অপরদিকে অভিযুক্ত শহিদ অভিযোগ অস্বীকার করে, তার জলাশয় থেকেই মাছ চুরি করা হয়েছে বলে দাবী করেন।
ভুক্তভোগী শিপন আলী জানান, করাতকান্দি বিলে তাদের দুই বিঘা জমি রয়েছে। বছরের অধিকাংশ সময় জমিতে পানি থাকায় সেখানে তেমন ফসল আবাদ করা যায় না। তবে পানি সরে গেলে একবার ধান চাষ করা সম্ভব হয়। তাঁর জমিসহ মাঠের একটি বড় অংশ লিজ নিয়ে স্থানীয় শহীদ মাছ চাষ করছেন।
তিনি বলেন, তার সম্পত্তি ঘিরে দিতে গেলে শহীদ ও তাঁর লোকজন বাধা দেন। বিষয়টি নিয়ে সমঝোতার জন্য বসার কথা বললেও শহীদ না বসে জোরপূর্বক মাছ চাষ করছেন।
তিনি আরও জানান, তার জমি সহ যেখানে শহীদ মাছ করে সেটি সংলগ্ন প্রায় ১০ বিঘা জমির উপর তার দুটি জলাশয় রয়েছে। উল্লেখিত জলাশয়ে তিনি নিজেই মাছ চাষ করেন।
রোববার সকালে জলাশয়ে গিয়ে দুটি পুকুরের পাড়ে জাল দিয়ে মাছ ধরার আলামত দেখতে পান। রাতের আঁধারে শহীদ ও তাঁর লোকজন পুকুর দুটি থেকে আনুমানিক ১০০ মণ মাছ ধরে নিজেদের বিলে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাছ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান তিনি।
অভিযোগে অস্বীকার করে শহীদ বলেন, শিপন আলীর করা অভিযোগগুলো মিথ্যা। বরং তার মাছ চাষের ঘের থেকে শিপন আলী তার লোকজনকে নিয়ে কৌশলে দেড়শ মণ মাছ ধরে নিয়ে গেছে বলে জানান।





