রাজধানীর লালবাগে জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. নাবিল হোসেন, দ্বীন ইসলাম, আমির হোসেন ওরফে জয় ও গাজী সাব্বির মাহমুদ।
গত শুক্রবার রাতে লালবাগের ভাতের গলি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহার করা সিপিইউ, মনিটর, কিবোর্ড, প্রিন্টার, কাটার এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘লালবাগের ভাতের গলি এলাকায় কয়েকজন ব্যক্তি জাল টাকা ক্রয়-বিক্রয় করছে বলে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় লালবাগ থানায় মামলা হয়েছে।’





