পরীক্ষাগারে কোনো পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঘোষণা করে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ াঅধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে।
এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়া এবং অভিযানের বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান।
অভিযুক্ত কর্মকর্তা হলেন, অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় অবস্থিত গ্রিন বায়োটেকনোলজির কারখানায় গত ১৮ নভেম্বর অভিযান চালানোর সময় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জরিমানার টাকা ফেরত, ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রোববার (২২ নভেম্বর) সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগে প্রতিষ্ঠানটি জানায়, গত ১৮ নভেম্বর দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার ঘুরে দেখতে সহযোগিতা করেন। পরিদর্শনের একপর্যায়ে তাঁর নজরে আসে কারখানায় সংরক্ষিত কয়েক ধরনের কাঁচামাল।
প্রতিষ্ঠানটির দাবি, এসব কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনরায় পরীক্ষার জন্য রাখা হয়েছিল। প্রতিটি পাত্রে পুনঃপরীক্ষার লেবেলও লাগানো ছিল। লেবেলে উল্লেখ করা মেয়াদ তখনো শেষ হয়নি। কিন্তু বিষয়টি বিবেচনা না করে কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই কাঁচামালগুলোকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঘোষণা করেন ওই কর্মকর্তা।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা তাঁকে কাঁচামালগুলো সরকারি কিংবা অন্য কোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি।
আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে বাধ্য করেন। জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়েছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের তৈরি পণ্য সরকারের যথাযথ কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর বাজারজাত করা হয়। অথচ অভিযানের সময় আমাদের তৈরি কোনো পণ্য পরীক্ষা করা হয়নি। সেগুলো নিয়ে কোনো প্রশ্নও তোলা হয়নি।’
নজরুল ইসলামের অভিযোগ, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার এবং এক বছরের কারাদণ্ডের ভয় দেখানো হলে তিনি আতঙ্কিত হয়ে স্বাক্ষর করতে বাধ্য হন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, অভিযানের সময় ওই কর্মকর্তা কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান। পরে অভিযানের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে গ্রিন বায়োটেকনোলজির পাশাপাশি সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ তুলে ধরেন। এতে দুটি প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেছে গ্রিন বায়োটেকনোলজি।
বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই একটি প্রতিষ্ঠানের কাঁচামালকে ভেজাল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও তিনি সহায়তা করেছেন।’
তিনি আরও বলেন, এতে বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জামালপুরে যোগদানের পর থেকে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় পণ্য পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জরিমানা ও পণ্য ধ্বংস করেছেন। ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই ধরনের আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের কোনো সুযোগ নেই। আর মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে পণ্য তৈরি হলে সেটিকে ভেজাল পণ্য বলা হয়। যেহেতু কাঁচামাল মেয়াদোত্তীর্ণ, সেহেতু সেগুলো আর পরীক্ষা করার প্রয়োজন নেই।’
নিজস্ব পরীক্ষাগারে কাঁচামালগুলোর মেয়াদ ঠিক থাকার বিষয়ে প্রতিষ্ঠানের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নিজেদের ল্যাবে পরীক্ষা করে কাঁচামালগুলোর মেয়াদ শেষ হয়নি বলে জানিয়েছে। তবে সরকার নির্ধারিত পরীক্ষাগার ছাড়া কোনো কোম্পানির ব্যক্তিগত পরীক্ষাগারে পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। তাই কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি।’
কাঁচামাল ধ্বংসের বিষয়ে শরীফুল ইসলাম বলেন, ‘আমি কোনো জব্দ তালিকা না করলেও কাঁচামালগুলো ধ্বংস করা হয়েছে।’ তবে ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়া কিংবা কাউকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ তোলার কারণ জানতে চাইলে শরীফুল ইসলাম বলেন, ‘গ্রিন বায়োটেকনোলজি শুধু বায়োজিন কসমেসিউটিক্যালসের কাছে পণ্য বিক্রি করে। তাই আমার বক্তব্যে গ্রিন বায়োটেকনোলজির পাশাপাশি বায়োজিন কসমেসিউটিক্যালসের বিষয়টিও উঠে এসেছে।’





