Saturday, 14 November 2026
শিরোনাম
আইন-আদালত

শিশু সন্তানের সামনে আইনজীবী রুদ্রকে লাঞ্ছিত করে আটক, প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
শিশু সন্তানের সামনে আইনজীবী রুদ্রকে লাঞ্ছিত করে আটক, প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা
ছবি সংগৃহিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ রুদ্রকে তাঁর শিশু সন্তানের সামনে অপমান, অপদস্থ ও লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট টি.আর খান তাহিম। একই সঙ্গে এ ঘটনায় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

 

নিজের ফেসবুক স্ট্যাটাসে অ্যাডভোকেট টি.আর খান তাহিম এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ রুদ্রকে একজন শান্ত, মেধাবী ও বিনয়ী মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রুদ্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত নির্বাহী সদস্য। আইনজীবী হিসেবেও তিনি তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন।

 

অ্যাডভোকেট টি.আর খান তাহিমের অভিযোগ, এমন একজন আইনজীবীকে তাঁর শিশু সন্তানের সামনে অপমান, অপদস্থ ও লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, রুদ্রের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কোনো অপরাধী নন। তাহলে কেন তাঁকে এভাবে মবের শিকার হতে হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

 

স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, রুদ্র তাঁর মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করেছেন, এমন অভিযোগ তুলে কিছু লোক তাঁকে বাসা থেকে ধরে নিয়ে ঢাকার পল্টন থানায় সোপর্দ করে। এ সময় তাঁদের মধ্য থেকে একজন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেন, অ্যাডভোকেট রুদ্র কত দিনে জামিন পাবেন, তা তাঁরা দেখবেন।

 

এ ধরনের বক্তব্যকে শুধু একজন আইনজীবীর প্রতি অসম্মান নয়, বরং দেশের লক্ষাধিক আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের প্রতি অবমাননা হিসেবে দেখছেন অ্যাডভোকেট টি.আর খান তাহিম। তাঁর ভাষ্য, সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবীকে তুচ্ছতাচ্ছিল্য ও অসম্মান করার মধ্য দিয়ে ওই ব্যক্তি পুরো আইনজীবী সমাজ এবং আইনজীবী সংগঠনগুলোর সামনে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন।

 

অ্যাডভোকেট রুদ্রকে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ও ‘কোর্ট অফিসার’ উল্লেখ করে টি.আর খান তাহিম এ ঘটনায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে তাঁদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

দেশের সব বার সমিতি ও আইনজীবী সংগঠনের প্রতিও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্ট্যাটাসের শেষাংশে একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন বিজ্ঞ আইনজীবীকে বিনা দোষে আটক করার প্রতিবাদ জানান অ্যাডভোকেট টি.আর খান তাহিম। একই সঙ্গে অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ রুদ্রের সঙ্গে অপমানজনক ও অন্যায় আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি।

 

উল্লেখ্য, ঢাকার শান্তিনগর এলাকা থেকে আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে পুলিশে দিয়েছেন আলোচিত যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। শুক্রবার ( ১৩ নভেম্বর) রাত ১১টার দিকে নয়নের নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে আটক করে পল্টন থানায় সোপর্দ করে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মহিউদ্দিন আহমেদ রুদ্র। একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি; পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। তাকে আটক করা থেকে থানায় নিয়ে যাওয়ার পুরো সময় বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

 

পল্টন থানায় নেওয়ার পর একটি ভিডিওতে রবিউল ইসলাম নয়নকে বলতে শোনা যায়, “ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম। মেহমানের হাত থেকে ফোনটা নেন।”

 

নয়ন বলেন, “আমরা তারে ওসি সাহেবের হাতে দিয়ে গেলাম। বাকিটা উনারা বুঝবেন। আমাদের রুদ্র ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন, এখন তিনি আইন সহায়ক পরিষদের নেতা। “এই যে যারা বোম-টোম মারে, বাস পোড়ায়, তাদের তিনি কোর্ট-কাচারি থেকে জামিন করান। এখন আমি দেখতে চাই, উনি নিজে কত দিনে বের হন।”

 

এ বিষয়ে রাত ১টার দিকে গণমাধ্যমকে পল্টন থানার ওসি বলেন, “তাকে তারা থানায় দিয়ে গেছেন।” মহিউদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না বা তার বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই প্রশ্নে ওসি বলেন, “মহিউদ্দিন সাহেবের বিষয়টি আমরা এখনো ভেরিফাই করছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।