সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই নারীরা কোন দেশের সে বিষয়ে কিছুই উল্লেখ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির কমিউনিটি নিরাপত্তা ও মানব পাচারবিরোধী অধিদপ্তরে সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।
সৌদি জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পতিতাবৃত্তির দায়ে গ্রেপ্তারদের প্রথমে নিরাপত্তাবাহিনীর অধীনে নেওয়া হয়। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়।
পরে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয় প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়ার জন্য।
প্রসঙ্গত, সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ। কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর দেশটির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে শাস্তিভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।





