রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলীয় মিছিল পরিচালনা করতে তিনি এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের নতুন কমিটির সদস্য।
তিনি বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও এসআই আমিরুজ্জামান অভিযান পরিচালনা করে আবুল হোসেনকে গ্রেপ্তার করেন।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।





