Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

admin • 14 Feb 2025, 11:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন মাহমুদ। তবে পথ শেষ হওয়ার আগেই তাদের প্রেমের গল্প শেষ হলো ট্র্যাজেডিতে। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রেমিক মাহমুদের।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ডেমরায় সুলতানা ব্রিজের ওপর মালবাহী কন্টেইনারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মাহমুদ বাবু ও তনিমা আহত হন। পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান মাহমুদ।

 

নিহত মাহমুদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী।

 

নিহতের ভাই আরাফাত হোসেন শাওন জানান, ঢাকার মিরপুরে থাকতেন মাহমুদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকার বাসা রামপুরা এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়েন। দুজনের বিয়ের কথা চলছিল। শুক্রবার সকালে তারা মোটরসাইকেলে বেড়াতে বের হন।

 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস বলেন, বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ২টার দিকে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঙ্গে থাকা তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মাহমুদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।