বগুড়ায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনের এক হেলপারের স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করে ২ হাজার ৬০০ পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায়
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে
এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় মো. জিম বাবু (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বগুড়া জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, কক্সবাজার থেকে দিনাজপুরগামী
শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচের হেলপার ইয়াবা বহন করছেন। এ তথ্যের ভিত্তিতে
পরিদর্শক মো. সামসুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঢাকা মেট্রো-ব-১১-৮১৪২ নম্বরের শ্যামলী পরিবহনের কোচটির ইঞ্জিন কভারে বসে থাকা হেলপার
জিম বাবুর স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে কালো স্কচটেপ দিয়ে
মোড়ানো নীল রঙের জিপারযুক্ত ১৩টি পলিপ্যাকেট পাওয়া যায়।
প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার ৬০০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২৬০ গ্রাম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার জিম বাবু রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মিলনপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে
বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ) ও ২৬(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।





