জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে নেমে রাতুল (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান।
বিকেল ৪টা দিকে শুরু করে সন্ধ্যা অব্দি উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অন্ধকারের কারণে পরিবারের লোকজনের সাথে কথা তা স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা এলাকার আলাইবিলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাতুল পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলালের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসল করতে নামে রাতুল। গোসল শেষে তার বন্ধুরা পানি থেকে উঠে এলেও সে আর উঠে আসেনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিলের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। শিশুটির সন্ধান না পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ইসলামপুর ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় খবর পেয়ে জামালপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জামালপুর ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধারে বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। তবে অন্ধকার হয়ে যাওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযান স্থগিত রাখা হয়েছে।
এদিকে, এ ঘটনায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





