ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে প্রচারিত একটি ভিডিও সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় কালীগঞ্জ শহরের ভূষণ রোডস্থ দলীয় কার্যালয়ে জরুরীভাবে সাংবাদিকদের ডেকে তার বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সাংসদ আনোয়ারুল আজিম আনার জানান, বুধবার রাতে কালীগঞ্জ উপজেলা কৃষকলীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
ওই অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে আমি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর সঠিক বিচার নিয়ে কথা বলি। ওই বক্তব্যের কিছু অংশ আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও বিতর্কীত করতে দৈনিক কালবেলা অনলাইনে সংবাদ প্রচার করা হয়।
সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংসদ আনার বলেন, ভিডিও সংবাদটিতে শুধু আমাকে নয়, ঐতহ্যিবাহি দল আওয়ামীলীগ ও সরকারকেও ছোট করেছে। ফলে উক্ত সংবাদের বিষয়ে আইনি ব্যবস্থা নিবেন বলে সংবাদ সম্মেলনে জানান।





