সেতু ভেঙে যাওয়ায় পিরোজপুর সদরের চর লখাকাঠি গ্রামের সাথে পাশের নেছারাবাদ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার বিকেলে একটি বালু বোঝাই একটি পিকআপ ভ্যান ওঠার পর জরাজীর্ণ সেতুটি ধ্বসে পড়ে। এতে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার কয়েকশ মানুষ।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অনেকবার দাবি জানানোর পরেও সেখানে নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হননি।
জেলা সড়ক ও জনপদ বিভাগ বলছে, প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে এই সেতুটি নির্মান করা হয়েছিলো। ভেঙ্গে যাওয়া সেতুর স্থানে নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত শুরুর দাবি জানিয়েছে স্থানীয়রা।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, 'সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই পিকআপ ওঠার কারণে এটি ভেঙে পড়েছে । সাধারণ মানুষের চলাচলের জন্য সকাল থেকে মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।'





