কনস্টেবলের স্ত্রী সঙ্গে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দিনাজপুর সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
শনিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কাজী মিজানুর রহমান সহকারী পুলিশ কমিশনার হিসেবে ২০২০ সালের ১৪ জুলাই থেকে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। ২০২২ সালের এপ্রিল মাসে তার সঙ্গে ফেববুকের মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর পরিচয় হয়। স্বামীর অসুস্থতার সুযোগে ওই নারীকে তিনি বিভিন্ন আশ্বাস দিয়ে বিশ্বাস স্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে এবং তার স্বামীকে চিকিৎসাজনিত সাহায্য পাওয়ার ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, সম্পর্কের সূত্র ধরে কাজী মিজানুর রহমান ওই নারীকে এক বান্ধবীর বাসায় নিয়ে যান এবং ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন। পরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্ক করেন। তাদের পরকীয়া সম্পর্কে জড়ানো ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ও ছবি ওই কনস্টেবল পাওয়ার পর তাদের পারিবারিক সম্পর্ক নষ্ট হয়। পরে ওই এএসপি ও কনস্টেবলের স্ত্রীর মধ্যকার পরকীয়া সম্পর্কের অবনতি ঘটলে ওই নারী ২০২৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, একজন পুলিশ সদস্যের স্ত্রী সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার বিবাহ বহির্ভূত সম্পর্ক পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। তাই তাকে অসদাচরণের অভিযোগে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।





