জামালপুরের মাদারগঞ্জে নতুন প্রস্তাবিত ভোটকেন্দ্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জোড়খালী গ্রামের বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের ব্যবহৃত জোড়খালী ইউনিয়ন ৫নং ওর্য়াডের কুকুরমারী ভোটকেন্দ্রের পরিবর্তে প্রায় পাঁচ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ওপর যাতায়াতের রাস্তাও ভাঙাচোরা। এতে বয়স্ক, অসুস্থ ও সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তির আশঙ্কা করছেন তাঁরা।
এ সিদ্ধান্তের প্রতিবাদ ও পুনর্বিবেচনার দাবিতে রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সূর্যের মোড় এলাকায় মানববন্ধন করেন গ্রামের দুই শতাধিক ভোটার। এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, নুর ইসলাম ও সূর্যভানুসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এতদিন কুকুরমারী ভোটকেন্দ্রে ভোট দিয়ে আসছেন। কেন্দ্রটি তাঁদের তুলনামূলক কাছে হওয়ায় যাতায়াতে তেমন সমস্যা হতো না। ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে জোড়খালী গ্রামেই ভোটকেন্দ্র স্থাপনের প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু নতুন প্রস্তাবে গ্রামটিকে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁদের মতে, প্রস্তাবিত কেন্দ্রটি গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। সেখানে যেতে ভাঙাচোরা ও দুর্গম সড়ক পাড়ি দিতে হবে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এ পথ অতিক্রম করা কঠিন হবে। এতে অনেক ভোটার ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন।
বক্তারা আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হলে ভোটকেন্দ্র নির্ধারণে সাধারণ ভোটারদের যাতায়াতের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাই আগের কুকুরমারী ভোটকেন্দ্র বহাল রাখা অথবা জোড়খালী গ্রামেই নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাবিত ভোটকেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।





