কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। গতকাল সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন। এদিন সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। পরে টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে।
নিরাপত্তার মধ্য দিয়ে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ৬০০ জন গণনার কাজে অংশ নেন। গতকাল দুপুর পর্যন্ত গণনা করা টাকা থেকে ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণনা চলছিল। প্রায় চার মাস ২৪ দিন পর গতকাল দানবাক্সগুলো খোলা হয়।
এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। দান থেকে পাওয়া অর্থ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।





