রাজশাহীতে পরকীয়ার জেরে আবু সাঈদ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে জেলার চরমাঝার দিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ চরমাঝার দিয়ার এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আবু সাঈদের সঙ্গে এলাকার এক গৃহবধূর পরকীয়ার সম্পর্ক ছিল।
বিষয়টি তার স্বামী সাজিবুর মেনে নিতে না পেরে পাঁচ থেকে সাত জন মিলে ধারালো অস্ত্র দিয়ে আবু সাইদের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে ফেলে রেখে যায় তারা।
পরে স্থানীয়রা আবু সাঈদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।





