জামালপুর শহরের রামনগরে ডিস লাইনের বিল নিয়ে কথাকাটাকাটির জেরে মালিক সৌরভ (২৫) এর কিল-ঘুষি ও পিটুনিতে হাফিজুর রহমান (৩২) নামে এক গ্রাহক-কে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রামনগর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর জামালপুর পৌরসভার রামনগর সাতরাস্তার মোড় এলাকার শাহাজাহান মিয়ার ছেলে। ঘাতক সৌরভ একই এলাকার শহিদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে পৌরসভার রামনগর উত্তরপাড়ায় ডিসলাইনের বিল নিয়ে মালিক পক্ষের সৌরভের সঙ্গে কথা কাটাকাটি হয় গ্রাহক মাইক্রোবাস চালক হাফিজুরের।
কথা কাটাকাটির এক পর্যায়ে সৌরভ কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সৌরভ। পরে গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সুরাতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান। এছাড়াও পলাতক সৌরভকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।





