Tuesday, 17 November 2026
শিরোনাম
কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সীমান্ত থেকে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ভাই আটক আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বিয়ের ৪ মাসের মাথায় নববধূর সন্তান প্রসব, অতঃপর... জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড সীমান্ত থেকে গাঁজা এনে জামালপুরে বিক্রি, ৬ কেজিসহ গ্রেপ্তার ১ ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা শিশু রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ
জাতীয়

ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা
ছবি সংগৃহিত

সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ উঠে এসেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায় বলা হয়েছে, বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

 

 

স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তৈরি সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

 

 

প্রতিবেদনে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির তথ্যও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার কথা বলা হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

 

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে দুর্নীতির সুযোগ তৈরি করছে। অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ সমস্যাকে বাড়িয়ে তুলছে। শুধু আইন প্রয়োগ নয়, সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু কোনো ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করা সম্ভব নয়। এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। তার মতে, আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির পাশাপাশি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।

 

প্রতিবেদনে সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিতে গিয়ে নানা ধরনের অনিয়মের শিকার হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।

 

একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।

 

চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে।

 

স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতাও চিহ্নিত করেছে গবেষণাটি। এ ক্ষেত্রে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

 

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

 

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার চিত্র পাওয়া গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

চিকিৎসাশিক্ষার সম্প্রসারণের সঙ্গে মান নিয়ন্ত্রণে ঘাটতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজ ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থায় একই মাত্রায় উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

স্বাস্থ্য খাতের অনিয়ম কমাতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা।

 

এ ছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের জন্য আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।

 

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।