দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জামালপুরসহ বিভিন্ন অঞ্চলে বিক্রির অভিযোগে মাহফুজ মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। এ সময় তাঁর কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৪। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার বগালী এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়।
এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মাহফুজ মিয়া (৫৪)। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মাহফুজের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাহফুজ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিলেন।
গ্রেপ্তার মাহফুজের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মালামালসহ তাঁকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪-এর অভিযান অব্যাহত থাকবে।





