Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে নৌযান চলাচলে শৃঙ্খলা আনতে শুরু হচ্ছে শুমারি

admin • 10 Aug 2026, 05:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে নৌযান চলাচলে শৃঙ্খলা আনতে শুরু হচ্ছে শুমারি

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নৌযান শুমারি উপলক্ষে জামালপুরে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুমারির মাধ্যমে নদীপথে চলাচলকারী নৌযানের সঠিক তথ্যভান্ডার তৈরি এবং নৌপরিবহন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
সভায় জামালপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাব্বির আহমেদ জানান, চূড়ান্ত শুমারি শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক তিনটি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত জেলার সাতটি উপজেলায় নৌযান শুমারি পরিচালিত হবে।  
তিনি জানান, প্রাথমিক তালিকা প্রস্তুতকরণ কার্যক্রমে জামালপুর জেলায় মোট ২ হাজার ৬৭০টি ইঞ্জিনচালিত নৌযানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে খানা ভিত্তিক ইঞ্জিনচালিত নৌযান রয়েছে ১ হাজার ৫৬৭টি এবং ঘাটভিত্তিক ইঞ্জিনচালিত নৌযান ১ হাজার ১০৩টি।
সভায় আরও জানানো হয়, দেশে এই প্রথমবারের মতো নৌযান শুমারি পরিচালনা করা হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।  
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নদীপথে নৌযান চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য নৌপরিবহন খাতের পরিকল্পনা প্রণয়ন, ব্যবস্থাপনা উন্নয়ন এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  
তিনি শুমারি কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।