নজরুল বর্ষ উদযাপন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সংগীতানুষ্ঠান।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল সংগীত শিল্পী পরিষদ, জামালপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও নজরুল সংগীত শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ কবির পলাশ, জামালপুর জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রঞ্জু ও জেলা কালচারাল অফিসার আলমগীর কবির। মুখ্য আলোচক ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল সংগীত শিল্পী পরিষদ, জামালপুরের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট সংস্কৃতিজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা প্রয়োজন।
আলোচনা পর্বে অতিথিগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সৃষ্টি ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী পুরাতন শিল্পকলা একাডেমির সংস্কার করে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম বৃদ্ধির সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। একইসংগে তিনি বাঙালি সংস্কৃতির বহুমুখী ধারাকে বহমান রাখার উপর গুরুত্ব আরোপ করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন নজরুল সংগীত শিল্পী পরিষদ, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম শান্ত।
আলোচনা শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। এতে নজরুল সংগীত শিল্পী পরিষদ, জামালপুরের সদস্যরা একের পর এক নজরুলসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশখ্যাত নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উপস্থিত দর্শক-শ্রোতারা তাঁর গান উপভোগ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শক-শ্রোতারা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে নজরুলের গান ও আদর্শের প্রতি আগ্রহ বাড়ায়। জামালপুরে নিয়মিত এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশাও জানান তাঁরা।





