Wednesday, 25 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাসপাতালের আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
হাসপাতালের আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
ছবি সংগৃহিত

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। তবে তাঁর অসুস্থতার কারণ এবং শারীরিক অবস্থার সর্বশেষ বিস্তারিত এখনো জানা যায়নি।

 


মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় করে আসছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তাঁর বিশেষ পরিচিতি। ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘আরণ্যক’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

 


‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’ ও ‘ভুবন মাঝি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই গুণী শিল্পী।

 

দেশের নাট্যাঙ্গনের এই বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন প্রত্যাশা সবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।