জামালপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
আটকৃতদের বিরুদ্ধে জুলাই ও অগাস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক।
আটকৃতরা হলেন- জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইসলামপুরের চর পুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয় (২৪), জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত (২৩), মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শুভ (২৩) এবং গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পিয়াস হাসান নীল (২৩)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, আটককৃতদের বিরুদ্ধে জুলাই ও অগাস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হবে। এমন অভিযোগে আরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।





