Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নবজাতকের মৃত্যু, চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

admin • 08 Jul 2025, 07:26 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে নবজাতকের মৃত্যু, চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে চিকিৎসকের অনুপস্থিতে নার্স ও আয়াকে দিয়ে প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নবজাতকের বাবা মো. সোহেল আনসারী।

 
সোমবার দুপুরে (৭ জুলাই) আটক নার্স শিরিন আক্তার (২৬) ও আয়া বন্যা আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে রোববার (৬ জুলাই) তিনি জামালপুর সদর থানায় মামলাটি করেন।  
এছাড়া মামলায় আসামি করা হয়েছে নগর মাতৃসদন কেন্দ্রের চিকিৎসক ফারজানা ইয়াসমিন ওশিন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাখাওয়াত হোসেন সাব্বির এবং নার্স কাকলীকে।  
জানা গেছে, গত ৪ জুলাই সন্ধ্যায় স্ত্রী নৌরিন জান্নাত মৌয়ের প্রসব ব্যথা উঠলে তাকে জামালপুর পৌরসভার আওতাধীন নগর মাতৃসদন কেন্দ্রে নেওয়া হয়। ভর্তি করানোর সময় কর্তব্যরত নার্স কাকলী চিকিৎসক ওশিনকে ফোনে অবহিত করেন এবং পরে নার্স শিরিন আক্তারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান।  
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ভর্তি হওয়ার পর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাব্বির রোগী ও গর্ভস্থ শিশুর পরীক্ষা-নিরীক্ষা করে অবস্থা ‘স্বাভাবিক’ জানিয়ে স্বস্তি দেন। কিন্তু রাত গভীর হতে থাকায় প্রসব যন্ত্রণাও বাড়তে থাকে। পরিবারের সদস্যরা বারবার রোগীর অবস্থার অবনতির কথা জানালেও নার্স ও কর্তৃপক্ষ গুরুত্ব না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।  
অভিযোগে আরও বলা হয়, ৫ জুলাই ভোররাত ৩টার দিকে কোনো চিকিৎসক বা বিশেষজ্ঞ ছাড়াই নার্স শিরিন ও আয়া বন্যা প্রসূতির যৌনাঙ্গে অস্ত্রোপচারমূলক কেটে জোরপূর্বক নবজাতককে বের করেন। এতে নবজাতক কন্যাশিশুটির মাথা, গলা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় এবং শিশুটি জন্মের পরপরই মারা যায়। ওই সময় প্রসূতি অজ্ঞান হয়ে পড়েন। পরে নবজাতক ও অজ্ঞান প্রসূতিকে ফেলে নার্স ও আয়া পালিয়ে যান বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।  
পরবর্তীতে নবজাতকের বাবা তার স্ত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।  

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে সোহেল আনসারীর দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।