জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীভাঙন ও দারিদ্র্যপীড়িত ৫০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবকল্যাণে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড।
আজ বুধবার সকালে উপজেলার হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইডের হেড অব একাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু, মুড়ি, চিনি প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এসব সামগ্রী পেয়ে নদীভাঙনে সব হারানো এবং দুস্থ পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তৌহিদুর রহমান বলেন, “দোস্ত এইড ইসলামপুরের জন্য এক আশীর্বাদস্বরূপ। তারা বিভিন্ন সময় নদীভাঙন ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
গত রমজানে সংস্থাটি এই উপজেলায় খাদ্যসামগ্রী, ইফতার, ঈদ পোশাক ও যাকাতসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এতে সুবিধাবঞ্চিত মানুষগুলো উপকৃত হয়েছে এবং মানবিক সহায়তা পেয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে সমাজে ভারসাম্য ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।”
দোস্ত এইডের হেড অব একাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, “দোস্ত এইড টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমরা দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি যার মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলা। ভবিষ্যতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, দোস্ত এইডের পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শওকত মিয়া, স্থানীয় সমাজকর্মী সাজু আহমেদ, সাজ্জাদ হোসেন সাদ্দামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দোস্ত এইডের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট ৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত পরিবারের সদস্যদের মুখে স্বস্তি ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।





