Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি গ্রেফতার

admin • 21 Apr 2025, 08:52 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি গ্রেফতার

 জামালপুরের মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ে পুলিশের অভিযানে আন্তঃনগর ট্রেনের ৫৮টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—মেলান্দহ উপজেলার শাহাজাদপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. বিপ্লব (৪৫) এবং মৃত আব্দুল আজিজের ছেলে মো. তোতা মিয়া (৬০)। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও টিকিট বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করে পুলিশ।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামালপুর জেলার মেলান্দহ বাজার, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, নরুন্দি, পিয়ারপুর, নান্দিনা ও তারাকান্দি রেলওয়ে স্টেশনে একটি সংঘবদ্ধ চক্র আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছিল। বিভিন্ন সময়ে রেলওয়ে থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করলেও চক্রটির তৎপরতা পুরোপুরি থামেনি।

 

রোববার সকালে ঢাকা রেলওয়ে পুলিশ সুপারের নির্দেশে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেলান্দহ বাজার স্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে জামালপুর রেলওয়ে থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে ওসি মো. রবিউল ইসলাম বলেন, “রেলওয়ে স্টেশন এলাকাকে নিরাপদ রাখতে আমরা দিনরাত পরিশ্রম করছি। কালোবাজারি, পকেটমার, ছিনতাইকারী কিংবা মলম পার্টি— কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে চিহ্নিত কয়েকজনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, যার ফলে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে।

 

তিনি আরও বলেন, ঢাকা রেলওয়ে পুলিশ সুপারের কড়া নির্দেশনা অনুযায়ী আমরা জেলার প্রতিটি স্টেশন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি। টিকিট কালোবাজারিসহ যেকোনো অপরাধ নির্মূলে রেলওয়ে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।