Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা,বড় ভাইয়ের যাবজ্জীবন

admin • 02 Aug 2026, 07:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা,বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (০২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আহসান হাবীব চপল।

 

দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে। নিহত সিদ্ধেশ্বর দাস তার আপন ছোট ভাই। তিনি পেশায় একজন কামার ছিলেন।

 

মামলার নথি অনুযায়ী, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনে বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর দাস। এ সময় অশোক কুমার দাস সেখানে গিয়ে ভারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

গুরুতর আহত সিদ্ধেশ্বরকে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার মাস চিকিৎসাধীন থাকার পর ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।

 

ঘটনার পর নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।