Thursday, 19 November 2026
শিরোনাম
সারা দেশ

ছাত্রলীগ ছেলের ফেসবুকে লকডাউনের ডাক, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বাবা

• • পঠিত 30 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ ছেলের ফেসবুকে লকডাউনের ডাক, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বাবা

ছেলের ফেসবুক আইডিতে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ভিডিও প্রকাশের পর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার খোকন জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নাজমুল জান্নাত শাহ।

 

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলারকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে খোকনের ছেলে শাহাদাৎ হোসেন চয়ন নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। চয়ন জামালপুর সদর উপজেলার নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য।

ভিডিও বার্তায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ডাকা ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এরপর চয়নকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় বাড়িতে থাকা তার বাবা মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করে জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল।

এদিকে, বাবাকে গ্রেপ্তারের পরও বুধবার দুপুর পর্যন্ত চয়নের ফেসবুক আইডিতে লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে প্রকাশ করা ভিডিওটি দেখা গেছে।

নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, চয়নের ফেসবুক পোস্টে নাশকতার হুমকি ছিল। পাশাপাশি তার বাবা বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও পুলিশের কাছে অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।