মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং মোবাইল ফোনের অনাকাঙ্ক্ষিত ব্যবহার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বিষয়টি সংসদকে অবহিত করেন।
শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। ওই আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ কিংবা ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে শিক্ষক ও শিক্ষার্থী-উভয়কেই এ নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত মন্ত্রণালয় গ্রহণ করবে।
সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশেও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। কোনো কোনো দেশ এ বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে, আবার অনেক দেশ নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখা, শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানোর ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।





