বরিশালে আদালতের কার্যক্রম শেষে বের হয়ে নিখোঁজ হয়েছেন সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম। প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরিশাল জেলা আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান জানান, মঙ্গলবার রাত থেকেই শেখ ফারহান নাদিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সহকর্মীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বরিশাল আদালতের ল্যান্ড ও ভিপি মামলার বেঞ্চ সহকারী মো. রাসেল সিকদার জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হন বিচারক শেখ ফারহান নাদিম। এরপর নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়া বাসায় ফেরেননি তিনি। বাসায় না ফেরায় তার স্ত্রী বিষয়টি অন্য এক বিচারককে জানান। পরে সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। হাসপাতাল, হোটেলসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল ১০টায় আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, মঙ্গলবার রাতে নগরীর গির্জামহল্লা রোডের কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন শেখ ফারহান নাদিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও উদ্বেগের কথা জানিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে নগরীর আমতলার মোড় পর্যন্ত রিকশায় যেতে দেখা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকেই বিষয়টি জানার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আদালত থেকে রিকশায় বের হয়ে শেখ ফারহান নাদিম নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জামহল্লা রোডের জামে কসাই মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করেন। পরে রাত ১০টার দিকে তাকে বাংলাবাজার এলাকায় দেখা যায়। এরপর তার আর কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ফলে মোবাইল ফোনের অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেও তার অবস্থান জানা সম্ভব হচ্ছে না। নিখোঁজ বিচারকের সন্ধানে পুলিশ কাজ করছে।





