সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গোপন তথ্য পেয়ে অভিযান চালায় বিজিবি। পরে একটি বাঁশঝাড়ের পাশে গর্তের মধ্যে তল্লাশি চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় মদ। সেখান থেকে ১ হাজার ৮৫ বোতল মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা ভারতীয় মদের বোতলগুলো দেখতে পান তারা। পরে সেখান থেকে ১ হাজার ৮৫ বোতল মদ উদ্ধার করে জব্দ করা হয়।
তবে এসব মদ কারা সেখানে মজুত করেছিল, তা জানা যায়নি। অভিযানের সময় কাউকে আটকও করতে পারেনি বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মদ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





