Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চার বছরেও খোঁজ মেলেনি রমজানের,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

admin • 22 Oct 2024, 07:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চার বছরেও খোঁজ মেলেনি রমজানের,সন্ধান চেয়ে পরিবারের আকুতি
‘বাবা নিখোঁজ চার বছর ধরে, কতদিন ধরে বাবারে ডাকতে পারি না, এ যে কত কষ্ট তা বলে বুঝাতে পারবো না। ‘আমরা ছোট ছোট ৪ ভাই বোন।  ছোট দুই ভাইয়ের মধ্যে সবুজের বয়স ১০, আর শাওনের বয়স ৭ বছর। বাবার অনুপস্থিতিতে ওরাই সংসারের হাল ধরেছে। ক্ষেতে কাজ করে ফসল ফলাই। আর সেই থেকে সংসার চলে আমাদের।
আমাদের তো এই বয়সে স্কুলে যাওয়ার কথা ছিল। বাবাকে হারিয়ে আজ আমরা ছিন্নমূল মানুষ হয়ে গেছে। আমার বাবাকে যদি মেরে ফেলা হয়ে থাকে তাহলে লাশ এনে দেন। বাবার কবরে বসে বাবা বাবা ডাকতে পারবো তো ।’ রুনা আক্তার নামের ১৩ বছরের এক শিশুর এমন আজাহারিতে জামালপুরের মাদারগঞ্জে হাট মাগুরা গ্রামের এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। ৪ বছর আগে পাশের বাড়ির ওরশে গিয়ে নিখোঁজ রমজান আলী (৪০)।
২০২০ সালের ২২ অক্টোবর রাতে বাড়ি থেকে বেরিয়ে হাটমাগুরা গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে মো. রমজান আলী গুডু(৪০) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বড় ভাই মো.শহীদুল ইসলাম মাদারগঞ্জ মডেল থানায় ২৩ অক্টোবর একটি সাধারণ ডায়েরি ও ২৭ অক্টোবর একই থানায় অজ্ঞাত কয়েক জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলটি জামালপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এক বছর গোয়েন্দা পুলিশের তদন্ত করা অবস্থা মামলাটি শেষমেশ পিবিআই তদন্ত শুরু করেন। এ ঘটনায় মাদারগঞ্জ থানার পুলিশ ১ জনকে গ্রেফতার করে। এরপর গোয়েন্দা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেফতারকৃতরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে যান।
জামিনে বের হয়ে তারা বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে গুডুর পরিবার জানিয়েছেন মামলার বাদী মো.শহীদুল ইসলাম বলেন, ‘তিন মাস পূর্বে নিখোঁজ মো.রমজান আলী গুডুর স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় একই এলাকার মো.আবুল খানের ছেলে মো.বায়োজিদ(২৪)।  মেয়ে নাবালিকা হওয়ায় এসময় বিয়ের প্রস্তাবে রাজী হননি রমজান আলী। এতে ক্ষিপ্ত হয়ে বায়োজিদ তার চাচা সেলিম খানসহ পরিবারের লোকজন রমজান আলীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।
এ কারণেই আমার ভাই রমজান আলী গুডুকে অপহরণ করে হত্যার পর তার লাশ গুম করেছে বলে তার ধারণা।’ মঙ্গলবার (২২ অক্টোবর) গুডু নিখোঁজের ৪ বছর হওয়ায় তার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও গ্রামবাসী।
সকাল ১১ টায় উপজেলার হাটমাগুরা গ্রামে রমজান আলীর পরিবার ও গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে নিখোঁজ রমজান আলীর পরিবার ও গ্রামবাসীরা বক্তব্য রাখেন।
তারা বলেন, ‘২০২০ সালের ২২ অক্টোবর রাতে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তার পরিবার। মামলাটি তিন বছর ধরে তদন্ত করছে পিবিআই। দীর্ঘদিনে এখনও রমজান আলীর কোনো সন্ধান করতে পারেনি তদন্তকারী সংস্থা।
এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় খুব কষ্টে দিন পার করছেন পরিবারটি।’ এছাড়াও মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি। তাই দ্রুত রমজান আলীর সন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রমজান আলীর স্ত্রী সবুজা বেগম বলেন, ‘আমার স্বামীকে আমি ফেরত চাই। ছোট ছোট ৪ সন্তান নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার শিশু ছেলে দুইটা ক্ষেতে খামারে কাজ করে। আর আমি মা হয়ে সেটা দেখছি।’
এ বিষয়ে জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার এম এম সালাউদ্দীন বলেন, ‘মাদারগঞ্জে যমুনা নদীতে থেকে একটি লাশ উদ্ধার হয়েছে। লাশের ডিএনএ রিপোর্টের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। ডিএনএ রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।