Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ৪৮তম ব্রিজ উদ্বোধন করলেন ব্যারিস্টার সুমন

admin • 29 Sep 2023, 09:38 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ৪৮তম ব্রিজ উদ্বোধন করলেন ব্যারিস্টার সুমন

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় ৪৮তম ব্রিজের উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে তিনি ব্রিজ উদ্বোধন করেন।

ব্যারিস্টার সুমন নিজের জেলা হবিগঞ্জের বাইরে এই প্রথমবারের মতো কুষ্টিয়া জেলায় ব্রিজ নির্মাণে উদ্যোগ গ্রহণ করেন।

তিনি বলেন, আমি আমার নিজের জেলার বাইরে প্রথমবারের মতো কুষ্টিয়া জেলায় এ ব্রিজ নির্মাণ করলাম। এই ব্রিজ বিচারপতি ড. রাধা বিনোদ পালের নামে উৎসর্গ করলাম। আমার কাছে এই ব্রিজের গুরুত্ব অনেক ।

বিচারপতি ডঃ রাধাবিনোদ পাল একজন বাঙালি আইনবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দূরপ্রাচ্যে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারার্থে স্থাপিত আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। ‘জাপান-বন্ধু ভারতীয়’ বলে খ্যাতি রয়েছে তার। জাপানের ইতিহাসে রাধা বিনোদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একজন সম্মানিত বিচারপতির প্রতি আমি একজন আইনজীবি হয়ে তার নামানুসারে ব্রিজটি নির্মাণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সেতুটি পেয়ে উল্লসিত রাজাপুর এলাকার বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর জানান, যুগ যুগ সাধনার পরে এই ব্রিজটি পেলাম। আমরা এই রাজাপুর গ্রামের মানুুষ তিন গ্রাম পেরিয়ে পাশের গ্রামে যেতে হতো। ব্রিজটি নির্মাণের ফলে আমরা সহজেই পাশের গ্রামে যেতে পারবো। আল্লাহ তায়ালা ব্যারিস্টার সাহেবকে ভালো করুক।

পরে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, জীবনে যত ভালো কাজ করেছি তার মধ্যে মনে হয়েছে সবচেয়ে ভালো কাজ মানুষের জন্য ব্রিজ বানানো। এ ছোট ছোট ব্রিজগুলো আমার এলাকায় অনেক বেশি প্রভাব বিস্তার করছে। আমি আজকে অনেক বেশি আনন্দিত ও তৃপ্ত এই কারণে যে আমি আমার নিজ জেলার বাইরে কিছু ভালো মানুষকে সঙ্গে নিয়ে ৪৮তম ব্রিজের উদ্বোধন করেছি ।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের সাথে স্থানীয় একটি ক্লাবের প্রাীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।