Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় দুই কৃষক হত্যা : বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

admin • 15 Jun 2023, 08:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় দুই কৃষক হত্যা : বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বজলু মালিথা (৪২) ও শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) নামের দুই কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

 

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া গ্রামের মালিথা পাড়ায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে হাটখোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নিহতদের জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ সময় হাজারও মানুষ উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা বলেন, শরিফুল মালিথা ও বজলু মালিথাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উজ্জ্বল সর্দারদের লোকজনের নৃশংস হামলায় অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।

 

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, গরুর পাটখেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।