কুষ্টিয়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) কুষ্টিয়া আইডিইবি কার্যালয়ে গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোঃ এহেতেশাম রেজা।
তিনি বলেন, ইঞ্জিনিয়ার হবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। দেশ প্রেম থাকতে হবে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস্ বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি এটি ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থ ও অধিকার আদায়ের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ডিপ্লোমা প্রকৌশলীরা এখনো অবদমিত অবস্থায় রয়েছে। অনেক প্রতিষ্ঠানেই নিয়োগসহ নানান কর্মকাণ্ডে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলে। এই ধরণের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের সম্পদ, দেশের উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্যর
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়ার জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়াল, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল হামিদ নান্নু, দপ্তর সম্পাদক প্রকৌশলী আসাদ উল্লাহ প্রমুখ।
এর আগে, 'উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি' প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পেশাজীবী ছাত্র শিক্ষকরাসহ কুষ্টিয়ায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রকৌশলীরা এতে অংশগ্রহণ করেন।





